ওয়াশিংটন, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উইকিলিকসের নথি ফাঁসের কারণে কতটুকু ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিতে একটি বিশেষ কমিটি গঠন করেছে হোয়াইট হাউস।
উইকিলিকস অসংখ্য গোপন নথি ফাঁস করার পর যুক্তরাষ্ট্র প্রশাসন তথ্যভান্ডারের নিশিছদ্র সুরক্ষা ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে।
তথ্য ফাঁস রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে আন্তসম্পর্কের ভিত্তিতে একটি প্যানেল গঠন করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা।
তথ্য ফাঁসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও গোপন দলিলের গোপনীয়তা রক্ষার নতুন নতুন উপায় খুঁজবে এ প্যানেল।
হোয়াইট হাউসের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
গোপন নথি ফাঁসের দায়ে ইউকিলিক্সের বিরুদ্ধে ইতোমধ্যেই অপরাধ তদন্ত শুরু হয়েছে।
আমাজনডটকম তাদের সার্ভারে উইকিলিকসের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটে অভ্যন্তরীণ সুরক্ষা কমিটির চেয়ারম্যান জো লিবারম্যান।
তিনি অন্যান্য সব কোম্পানী ও সংগঠনগুলোকে উইকিলিকস এর সঙ্গে সবরকম সহযোগিতা বন্ধ করার আহ্বানও জানিয়েছেন।
ওদিকে, হোয়াইট হাউস বলেছে, প্রত্যেকটি সরকারি সংস্থা নিজস্ব নিরাপত্তা টীম গঠন করবে। আর উপদেশ, পরামর্শ দেওয়ার কাজ করবে জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪০ ঘ.
bdnews24