ওয়াশিংটন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান, ইরাকযুদ্ধ এবং মার্কিন কূটনৈতিক গোপন নথি প্রকাশের পর এবার মার্কিন ব্যাংকের গোপন নথিও প্রকাশ করার ঘোষণা দিয়েছেন উইকিলকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার অ্যাসাঞ্জ জানান, আগামী বছরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ব্যাংকের অভ্যন্তরীণ লক্ষাধিক গোপন নথি ফাঁস করার পরিকল্পনা করছেন।
তবে কোন ব্যাংকের গোপন তথ্য ফাঁস করতে যাচ্ছে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি।
ফোর্বস ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ বলেন, "আমরা একটি ব্যাংকের গোপন নথি ফাঁস করতে যাচ্ছি। ইরাকের মতো এতো বিশাল পরিমাণ তথ্য ফাঁসের ঘটনা এটি হবে না। হতে পারে লক্ষাধিক কিংবা ১০ লক্ষাধিকও হতে পারে।"
ব্যাংকের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ব্যাংক যা এখনো টিকে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ঘ.
bdnews24