পোর্ট-অ-প্রিন্স, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশৃঙ্খলা, অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যদিয়ে হাইতির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও তা বৈধ বলে সোমবার মত দিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।
কিছু ভোটকেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হলেও নির্বাচন বাতিলের জন্য যথেষ্ট কোনো কারণ নেই বলে জানিয়েছে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস ও ক্যারিবিয়ান কমিউনিটির (কারিকম) যৌথ পর্যবেক্ষক মিশন।
যৌথ পর্যবেক্ষক মিশনের প্রধান কলিন গ্র্যান্ডারসন এক সাংবাদিক সম্মেলনে বলেন, "যৌথ মিশন বিশ্বাস করে না, এইসব অনিয়ম নির্বাচন বাতিল করে দেওয়ার মতো গুরুতর।"
১১৮ সদস্য বিশিষ্ট এই পর্যবেক্ষক মিশনের মূল্যায়ন তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। হাইতিতে রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি জাতিসংঘ মহাসচিব বান কি মুন হাইতিবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
বিবিসিসূত্রে জানা গেছে, নিরাপত্তার যে কোনো ধরনের অবনতি দেশটিতে কলেরা মহামারি মোকাবিলার উদ্যোগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন মুন।
এর আগে রোববার অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ১৮ জনের মধ্যে ১২ জনই ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানান।
নির্বাচন বাতিলের দাবি জানানো ১২ প্রার্থী রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি হোটেলে সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে বলেন, "দেশজুড়ে নির্বাচনে কারচুপির নিন্দা জানাচ্ছি আমরা। এছাড়া এ নির্বাচন বাতিলেরও দাবি জানাচ্ছি।"
কিন্তু সোমবারই শীর্ষস্থানীয় দুই প্রার্থী নির্বাচন বাতিলের দাবি প্রত্যাহার করেন। তারা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা সশ্রদ্ধচিত্তে মেনে নেবেন বলে ঘোষণা দেন।
এ নির্বাচনের মাধ্যমে ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশা করছিল।
নির্বাচন চলাকালে ভোটগ্রহণে বিলম্ব ও নানাবিধ সমস্যার কারণে রাজপথেও বিক্ষোভ করেছে মানুষ।
ওদিকে হাইতির প্রাদেশিক নির্বাচন পরিষদ (সিইপি) দেশের ১১ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের বেশিভাগেই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে।
পরিষদের প্রেসিডেন্ট গেইলোট দোরসাইনভিল বলেন, "নির্বাচন নিয়ে সিইপি সন্তুষ্ট।"
১২ হাজারেরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য স্থানীয় পুলিশকে ভোটকেন্দ্রের নিরাপত্তায় সহযোগিতা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৫ঘ.
bdnews24