ইসলামাবাদ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে পাকিস্তান আরো ২০ জনকে চিহ্নিত করেছে। কিন্তু তারা এখনো ধরা ছোঁয়ার বাইরে।
সোমবার একথা জানিয়েছেন পাকিস্তানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।
তিনি জানান, ওই সন্দেহভাজনদের নাম প্রায় একবছর আগে ওয়ান্টেড সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
কিন্তু তাদের হদিস বের করা যায়নি জানিয়ে তিনি বলেন, " আমাদের ধারণা, তারা পাকিস্তানেই কোথাও লুকিয়ে আছে। এখানে পার্বত্য অনেক এলাকা আছে যেখানে মানুষ দীর্ঘদিন লুকিয়ে থাকতে পারে।"
এর আগে পাকিস্তানের সংবাদপত্র 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন' সোমবার তাদের অনলাইন সংস্করণে জানায়, পাকিস্তানের ফেডারেল এজেন্সির সন্ত্রাসবিরোধী শাখা মুম্বাই হামলায় জড়িত সন্দেহে ২০ জনকে চিহ্নিত করেছে। এদের বেশির ভাগই লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত।
একটি গোপন প্রতিবেদন উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, নতুন চিহ্নিত ২০ জন মুম্বাই হামলায় তহবিল সরবরাহসহ অন্যান্য সহায়তা করেছে।
এদের মধ্যে রয়েছে মুম্বাই হামলায় ব্যবহৃত দুটি নৌকার ক্যাপ্টেন ও ১০ ক্রু, লস্কর-ই-তৈয়বার ৬ অর্থব্যবস্থাপক এবং অন্য আরো তিনজন
মুম্বাইয়ে ওই হামলায় নিহত হয় ১৬৬ জন। পাকিস্তানের মাটিতে এ হামলা পরিকল্পনা হওয়া এবং সেখান থেকেই তা সংঘটিত হওয়ার আংশিক দায় স্বীকার করে অভিযুক্ত ৭ জনের বিচার করছে ইসলামাবাদ।
কিন্তু পাকিস্তান যে শম্বুক গতিতে ওই হামলার ঘটনার তদন্ত চালাচ্ছে তাতে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে ভারত।
তারা লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদসহ সন্দেহভাজন আরো অনেকের বিচারের দাবি জানাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ঘ.
bdnews24