২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করায় উত্তর কোরিয়া পীত সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 05:34 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সিউল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়া রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়া শুরু করায় উত্তর কোরিয়া পীত সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা রোববার জানায়, উত্তর কোরিয়া ভুমি থেকে ভুমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পীত সাগরে নিয়ে গিয়ে উৎক্ষেপণ মঞ্চে স্থাপন করেছে। ইয়োনহ্যাপ আরো জানায়, উত্তর কোরিয়া ভুমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে গিয়ে সন্মুখ অবস্থানগুলোতে মোতায়েন করেছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর পরিবেশিত খবরে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়ার জলসীমা লঙ্ঘন করা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। কেসিএনএ বলেছে, "আমাদের জলসীমা লঙ্ঘন করে-এমন উস্কানিমূলক কিছু করা হলে আমরা সামরিকভাবেই তার দাঁতভাঙ্গা জবাব দেবো।" ওদিকে, দক্ষিণের সেনা কর্মকর্তারা ইয়োনপিয়ং দ্বীপ খালি করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। স্থানীয় সময় বেলা সোয়া ১১টার একটু পরে জরুরি ভিত্তিতে দ্বীপটি খালি করার আহ্বান জানানো হয়। গত মঙ্গলবার ওই দ্বীপে উত্তর কোরিয়ার গোলা বর্ষণে দুই নৌ সেনাসহ চারজন নিহত হয়। উত্তর কোরিয়ার হুমকি আর চীনের বিরোধিতার মুখে কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে রোববার স্থানীয় সময় সকালে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর আগে পীত সাগরের এই মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের মুখে ঠেলে দেবে বলে হুঁশিয়ারি জানায় উত্তর কোরিয়া। একই ইস্যুতে চীনও হুঁশিয়ারি জানিয়ে বলেছে, পরিস্থিতি যুদ্ধের দিকে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, গোলা বর্ষণের ঘটনার আগেই যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/কেএমএস/১১২৯ ঘ.