সিউল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার হুমকি আর চীনের বিরোধিতার মুখে কোরীয় উপদ্বীপের পশ্চিমে রোববার যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে গোলা বর্ষণের ঘটনার পর কোরীয় উপদ্বীপ অঞ্চলে সৃষ্ট উত্তেজনার মধ্যে চারদিনব্যাপী এ সামরিক মহড়া হচ্ছে।
উত্তর কোরিয়ার অভিযোগ, পীত সাগরের এই মহড়া পরিস্থিতিকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। একই ইস্যুতে চীনও হুঁশিয়ারি জানিয়েছে, পরিস্থিতি যুদ্ধের দিকে যাচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র বলছে, গোলা বর্ষণের ঘটনার আগেই যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়।
ইউএস ফোর্সেস কোরিয়ার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মহড়ায় ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। জাহাজটিতে ৭৫টি যুদ্ধবিমান এবং ছয় হাজারের বেশি ক্রু রয়েছে।
ওদিকে, এ মহড়ার সময় উত্তর কোরিয়া কোনো ধরনের উস্কানি দিলে তার শক্ত জবাব দেওয়ার জন্য মন্ত্রিসভা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং-বাক।
দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার ওই গোলা বর্ষণে দুই নৌ সেনাসহ চারজন নিহত হয়। শনিবার সিউলে তাদের শেষকৃত্যাষ্ঠান হয়।
সেখানে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনীর কমান্ডার দুই নৌ সেনার মৃত্যুর হাজারগুণ শোধ নেওয়ার হুমকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯২৫ ঘ.
bdnews24