ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের জন্য উৎপাদিত প্লাস্টিকের খাবার বোতলে বিসফেনল-এ (বিপিএ) ব্যবহার নিষিদ্ধ করেছে ইউরোপীয় কমিশন।
২০১১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বিবিসিসূত্রে জানা গেছে।
বোতলে বিপিএ ব্যবহারের ফলে শিশুর বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় কমিশন।
শিশুদের বোতলে বিপিএ ব্যবহার নিয়ে এর আগেও উদ্বেগ দেখা দেয়। এ কারণে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ছয়টি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজার থেকে তাদের সরবরাহ করা বোতল তুলে নেয়। তবে অন্যান্য বাজার থেকে তারা বোতল প্রত্যাহার করেনি।
শক্ত ও পরিষ্কার প্লাস্টিক তৈরিতে বিপিএ ব্যবহৃত হয়। প্রধানতঃ পানীয়ের বোতলে এর ব্যবহার হয়।
ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞদের সামনে প্রস্তাবনাটি তুলে ধরা হলে বৃহস্পতিবার তারা নিষেধাজ্ঞার বিষয়টি অনুমোদন করে।
গত জুনে ইউরোপীয় পার্লামেন্ট বিপিএ নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রস্তাব তোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24