সিউল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার নতুন করে হামলা চালানোর হুমকির মুখে পীত সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে চীন।
উত্তর কোরিয়া এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া আবারো উস্কানিমূলক সামরিক তৎপরতা চালালে কোনো ছাড় দেওয়া হবে না।
দক্ষিণ কোরিয়া আবারো সামরিক উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে উত্তর কোরিয়া কোনো দ্বিধা না করেই দ্বিতীয় দফায় এমনকি তৃতীয় দফায় হামলা চালাবে বলে পিয়ংইয়ং হুঁশিয়ারি দেয়।
এরপরপরই উত্তর কোরীয় সীমান্তের কাছে সামরিক শক্তি বাড়াতে আরো সেনা মোতায়েনের নির্দেশ দেয় দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়াকে বাগে আনতে ওয়াশিংটন চীনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। কিন্তু বেইজিং এ মুহূর্তে ছয় জাতি নিরস্ত্রীকরণ আলোচনা জরুরি ভিত্তিতে শুরু করা প্রয়োজন বলেই মনে করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণারয়ের মুখপাত্র একথা জানিয়েছেন।
মুখপাত্র হং লি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া এবং কোরীয় উপদ্বীপ অভিমুখে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী যাত্রার খবরে উদ্বিগ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৯৩৪ ঘ.
bdnews24