পোর্ট অ প্রিন্স, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরা মোকাবেলায় জরুরি ভিত্তিতে বিদেশি চিকিৎসক ও সেবিকা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম বিষয়ক শীর্ষ কর্মকর্তা।
জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ভেলেরি অ্যামোস মঙ্গলবার দিনের শেষভাগে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স সফরকালে বলেন, "আমাদের আরো কিছু করা জরুরি।"
"এটা কেবল অর্থ নয়। প্রয়োজন লোকবল। রোগটি মোকাবেলায় জরুরি ভিত্তিতে চিকিৎসক, সেবিকা ও সতর্কতা বাড়াতে প্রচারণা চালাতে দক্ষ লোকবল প্রয়োজন।"
কলেরা নিয়ন্ত্রণে আরো অন্তত এক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা ও একশ' বিদেশি চিকিৎসক প্রয়োজন বলে তিনি জানান।
গত পাঁচ সপ্তাহে কলেরা মহামারিতে দেশটিতে অন্তত ১৪ শ' মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে।
জাতিসংঘ কর্মকর্তারা বলেন, কলেরায় মৃতের প্রকৃত সংখ্যা দুই হাজারের কাছাকাছি পৌঁছেছে এবং লাখ লাখ মানুষ রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
অ্যামোস বলেন, জাতিসংঘ চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থার কাছে আহ্বান জানাচ্ছে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ইতোমধ্যেই কিউবার চারশ' চিকিৎসক হাইতিতে চিকিৎসা সেবা দিচ্ছে।
ওদিকে, কলেরা মহামারি সত্ত্বেও রোববার হাইতিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৫১ঘ.
bdnews24