২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম কেলেঙ্কারি: মনমোহনের পাশে সোনিয়া

ভারতে টেলিকম কেলেঙ্কারি নিয়ে তীব্র সমালোচনার মুখে বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পাশে দাঁড়িয়েছেন সোনিয়া গান্ধী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে টেলিকম কেলেঙ্কারি নিয়ে তীব্র সমালোচনার মুখে বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পাশে দাঁড়িয়েছেন সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদলগুলোর সমালোচনাকে 'লজ্জাস্কর' আখ্যা দিয়েছেন তিনি। ভারতে পর্দার অন্তরালে থেকে সরকারের কলকাঠি নাড়া প্রভাবশালী রাজনীতিবিদ সোনিয়া টেলিকম কেলেঙ্কারি নিয়ে সাংবাদিকদের কাছে প্রথম এই মন্তব্য করলেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর মতো সৎ একজন মানুষের ওপর এমন আক্রমণাত্মক আচরণ লজ্জাজনক।" তিনি আরো বলেন, "সবাই জানে যে প্রধানমন্ত্রী ১ শত ভাগ নিস্কলুষ। তিনি কী ধরনের মানুষ তা সবাই জানে।" উল্লেখ্য, ২০০৭-০৮ সালে ভারতের টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজা টেলিকম লাইসেন্স সুলভ মূল্যে বিক্রি করায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারিয়েছে। রাষ্ট্রীয় অডিটে এ তথ্য বেরিয়ে আসার পর এক সপ্তাহ আগে পদত্যাগ করতে বাধ্য হন রাজা। তারপরও এর জের কাটেনি। রাজার কেলেঙ্কারির তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবিতে বিরোধীদলগুলো পার্লামেন্ট অচল করে রাখে। অন্যদিকে, রাজার বিচারের জন্য তার বিরুদ্ধে ঊর্ধ্বতন এক আইনপ্রণেতার মামলা করার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে কালক্ষেপণের জন্য সুপ্রিম কোর্টের জবাবদিহিতার মুখে পড়েন মনমোহন। মঙ্গলবার আদালত মনমোহনের প্রতিনিধির শুনানির পর এ ব্যাপারে রায় পিছিয়েছে। তাছাড়া, রাজার বিরুদ্ধে আইপ্রণেতা সুব্রামানিয়াম স্বামীর মামলা করার আবেদনে মনমোহনের পক্ষ থেকে দেরী হয়েছিলো কিনা তাও স্পষ্ট নয় বলে জানিয়েছে আদালত। ওদিকে, সরকার পক্ষও বলেছে, সুব্রামানিয়ামের করা আবেদনের কোনো ভিত্তি নেই। রাজার বিরুদ্ধে মামলা করার আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। যার জবাব দিতে প্রধানমন্ত্রী বাধ্য নন। এ পরিস্থিাতিতে রাজনৈতিকভাবে কিছুটা সুবিধাজনক অবস্থানে চলে আসা কংগ্রেস আবারো বিরোধীদলের টেলিকম কেলেঙ্কারি তদন্তের দাবি উড়িয়ে দিয়েছে। এ নিয়ে সরকারের সঙ্গে বিরোধীদলের বিরোধের জেরে পার্লামেন্টে অচলাবস্থা বিরাজ করছে। নভেম্বরের শুরু থেকে বিরোধী দল পার্লামেন্ট অচল করে রেখেছে। ফলে ব্যাহত হচ্ছে সরকারের অর্থনৈতিক সংস্কার বিল পাশের পদক্ষেপ। তারপরও কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করছে। তাদের বক্তব্য হচ্ছে, এ ব্যাপারে পৃথক তদন্ত চলছে। তাই আর কোন তদন্তের প্রয়োজন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩২ ঘ.