নমপেন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পানি উৎসবের সময় ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে এক সেতুতে হুড়োহুড়িতে অন্তত ৩৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে হাজারেরও বেশি। মঙ্গলবার দেশটিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার শেষ রাতে এ দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে জানায় দেশটির সরকারি কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
নিহতদের মধ্যে দুশ ৪০ জনই নারী বলে জানায় ক্যাম্বোডিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ।
বন ওম তৌক নামে তিনদিনব্যাপী পানি উৎসবের শেষ দিন সোমবার। ক্যাম্বোডিয়ার এক কোটি ৪০ লাখ জনসংখ্যার প্রায় ৫০ লাখ এ উৎসবে অংশ নিতে প্রতি বছর রাজধানী নমপেনে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নমপেনের সঙ্গে একটি দ্বীপের ছোট একটি সংযোগ সেতুতে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সেখানে হুড়োহুড়ি র্শুু হয়। পানি উৎসব উদযাপন ও কনসার্ট দেখতে সেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন।
নিহতদের বেশির ভাগই সেতু থেকে পালাতে গিয়ে পানিতে ডুবে অথবা ভিড়ের চাপে শ্বাস বন্ধ হয়ে মারা যান। হুয়ান খ্লা নামে নামে ২২ বছর বয়সী এক তরুণ রয়াটর্সকে বলেন, "আমি ভিড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতো ভিড় যে আমি জ্ঞান হারিয়ে ফেলি।"
রাজধানী নমপেনের সঙ্গে কোহ্ পিচ বা হীরক দ্বীপ নামে একটি দ্বীপের সংযোগ সেতুতে এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন ধরণের প্রদর্শনী কেন্দ্র, রেস্টুরেন্ট ও বিনোদন কেন্দ্রে পূর্ণ দ্বীপটির মালিক স্থানীয় ব্যাংক। নারী ক্রেতাদের কাছে স্থানটি বেশ জনপ্রিয়। বিশেষ করে পানি উৎসবের সময় এখানকার বিক্রেতারা পোশাকসহ নানা পণ্যে বিভিন্ন মাত্রার মূল্যছাড়ের ঘোষণা দিয়ে থাকেন।
প্রধানমন্ত্রী হুন সেন এ দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। এ ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। লাশের স্তূপের পাশে বসে স্বজনদের কান্নার দৃশ্য দেখানো হচ্ছিলো টেলিভিশনে।
খেমাররুজ নেতা পল পটের শাসনামলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "ওই শাসনামলের পর এটি গত ৩১ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা।" ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত পল পটের শাসনামলে প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষকে হত্যা করা হয়।
প্রধানমন্ত্রী দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসবাদীদের যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিযেছেন তিনি।
হুড়োহুড়িতে নিহত হওয়ার ঘটনা বিবেচনায় গত চার বছরে এটি বিশ্বের সবচেয়ে বড় দুর্ঘটনা। ২০০৬ সালে সৌদি আরবে হজ পালনের সময় হুড়োহুড়িতে তিনশ ৬২ জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১০২৮ ঘ.
bdnews24