২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের কয়লা খনিতে রোবট পাঠানোর পরিকল্পনা

নিউজিল্যান্ডের কয়লা খনিতে আটকে পড়া ২৯ শ্রমিকের অবস্থান জানতে সোমবার খনিতে রোবট পাঠানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 06:22 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

গ্রেমাউথ, নিউজিল্যান্ড, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নিউজিল্যান্ডের কয়লা খনিতে আটকে পড়া ২৯ শ্রমিকের অবস্থান জানতে সোমবার খনিতে রোবট পাঠানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকায় খনিতে তিনদিন ধরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ এখনো শুরু করা যায়নি। নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলের পাইক রিভার কয়লাখনিতে শুক্রবার বিস্ফোরণ ঘটে। গ্যাস নির্গত হওয়ার পরিমাণ এতো বেশি যে, ভিতরে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ওদিকে, শ্রমিকদের উদ্ধারকাজ শুরু না হওয়ায় তাদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ছে। খনি দুর্ঘটনা মোকাবেলায় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "এখন খুবই কঠিন সময়। শ্রমিকদের পরিবারের সদস্যরা ভয়, দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন।" বিস্ফোরণের ফলে খনির অভ্যন্তরের মূল বাহনটি আটকে গেছে কিনা তা জানার জন্য নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর একটি রোবটকে খনির ভিতরে পাঠানো হবে। খনিতে উচ্চ মাত্রায় মিথেন গ্যাস নির্গত হচ্ছে। উচ্চ মাত্রার গ্যাস নির্গমণের ফলে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো পরিবর্তন আনা হয়েছে রোবটটিতে, যাতে কোনো অগ্নিস্ফূলিঙ্গের সৃষ্টি না হয়। রোবটটি সোমবার বিকালে খনির ভিতরে পাঠানোর হবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২১৮ঘ.