কায়রো, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার বলেছেন, পূর্ব-জেরুজালেমসহ গোটা অঞ্চলে ইহুদি বসতিস্থাপন বন্ধ না হলে ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় ফিরবে না।
কায়রোয় মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠকের পর আব্বাস সাংবাদিকদের কাছে একথা বলেন।
ইসরায়েল যখন ইহুদি বসতিস্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পূর্ব জেরুজালেমের অধিকৃত অঞ্চলকে অন্তর্ভুক্ত না করার লিখিত নিশ্চয়তা চাইছে, ঠিক সেই সময়টিতেই আব্বাস নতুন করে ওই অঞ্চলসহ অধিকৃত গোটা ফিলিস্তিন অঞ্চলে বসতিস্থাপন বন্ধের এ দাবি জানালেন।
পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিস্থাপন বন্ধ হলে ফিলিস্তিন শান্তি আলোচনায় ফিরবে কিনা জিজ্ঞেস করা হলে আব্বাস বলেন, "জেরুজালেমসহ সব ফিলিস্তিন অঞ্চলে বসতিস্থাপন পুরোপুরি বন্ধ না হলে আমরা শান্তি আলোচনায় ফিরবো না।"
ওয়াশিংটন ইতোমধ্যেই ইসরায়েলকে পশ্চিম তীরে ৯০ দিন বসতিস্থাপন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি।
ওয়াশিংটনের এ প্রস্তাবে যাতে পূর্ব জেরুজালেম অন্তর্ভুক্ত না করা হয় সে ব্যাপারে লিখিত গ্যারান্টি চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের শরিকরা।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বওে সরাসরি শান্তি আলোচনা শুরু করে ইসরায়েল ও ফিলিস্তিন। কিন্তু পশ্চিম তীরে বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার সময়সীমা পেরোনোর পর ইসরায়েল নতুন করে বসতিস্থাপন শুরু করলে আলোচনা স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০২ ঘ.
bdnews24