ওয়াশিংটন, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- উত্তর কোরিয়া গত সপ্তাহে সেদেশ সফররত এক মার্কিন পরমাণু বিজ্ঞানীকে তাদের বিশালাকারের নতুন পরমাণু স্থাপনা দেখিয়েছে।
ওই স্থাপনায় শ শ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র সেন্ট্রিফিউজ দেখেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিশেষজ্ঞ সিজফ্রিয়েড হ্যাকার। যে ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগাতে পারে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এই নতুন পরমাণু স্থাপনা অনেক আধুনিক বলে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এ মন্তব্য করেছেন হ্যাকার।
২০০৯ সালে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরিদর্শকদেরকে দেশ থেকে বের করে দেওয়ার সময় দেশটিতে এই পরমাণু স্থাপনা ছিলো না। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
অত্যাধুনিক একটি নিয়ন্ত্রণ কক্ষে শত শত সেন্ট্রিফিউজ দেখেছেন বলে জানান হ্যাকার।
ওদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানিয়েছে, তাদের ২ হাজার সেন্ট্রিফিউজ চালু আছে।
কিন্তু নতুন স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য কম সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা নাকি বোমা বানানোর জন্য উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজ চলছে তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয় নি বলে জানিয়েছেন হ্যাকার।
তবে একটি সূত্র জানিয়েছে, নতুন স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ৩ দশমিক ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হচ্ছে বলে জানানো হয়েছে হ্যাকারকে। আর পরমাণু বোমা বানাতে প্রয়োজন হয় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম।
যুক্তরাষ্ট্র ২০০২ সাল থেকেই উত্তর কোরিয়ার এ ধরনের ইউরেনিয়াম কর্মসূচি থাকার সন্দেহ করে আসছে।
কিন্তু নতুন আকারে আরো আধুনিক করে গড়ে তোলা এ ইউরেনিয়াম স্থাপনা আবার উত্তর কোরিয়ার সঙ্গে পশ্চিমাদের বিরোধ উস্কে দেবে এবং পরমাণু নিরস্ত্রীকর আলোচনা শুরুর সম্ভাবনা ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24