ওয়েলিংটন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার কারণে নিউজিল্যান্ডের পাইক রিভার কয়লাখনি বিস্ফোরণে আটকা পড়া ২৯ শ্রমিকের উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এ কারণে দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরও উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি। এমন কী আটকে পড়াদের সঙ্গে কোনোরূপ যোগাযোগও সম্ভব হয়নি।
বাতাসের অবস্থা পরীক্ষা করে খনির কাছেই অপেক্ষা করছে উদ্ধারকারীদল। গ্যাস নির্গমন বন্ধ না হওয়া পর্যন্ত তারা অভ্যস্তরে প্রবেশ করতে পারছেন না।
আটকে পড়াদের বয়স ১৭ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের উদ্বিগ্ন আত্মীয়-স্বজন কাছেই অপেক্ষমান।
গ্রে শহরের মেয়র টনি ককসহর্ন আটকে পড়াদের আত্মীয়-স্বজনদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন।
রয়টার্সকে মেয়র টনি বলেন, "তাদের মাঝে হতাশা তৈরি হচ্ছে, বাজে কোনো আশঙ্কা নিয়ে আলোচনা না করলেও, তাদের মুখে আমি তা দেখতে পাচ্ছি।"
পাইক রিভার কয়লা খনির প্রধান নির্বাহী পিটার হুইটাল এক সংবাদ সম্মেলনে বলেন, মিথেন গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
জেলা পুলিশ কমান্ডার সুপারিনটেনডেন্ট গ্যারি নোলেস জানিয়েছেন, "নিরাপদ পরিস্থিতির সৃষ্টি না হলে আমি কাউকে অভ্যন্তরে নামতে দিতে পারি না। আর কোনো জীবনের ঝুঁকি নিতে পারি না।"
আটকে পড়া শ্রমিকদের মধ্যে ব্রিটেন ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন।
এর আগে শুক্রবার নিউজিল্যান্ডের প্রত্যন্ত পশ্চিত উপকূলে এই খনি দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর খনির অভ্যন্তর হতে পাঁচজন বের হয়ে আসতে সক্ষম হলেও ২৯ জন অভ্যন্তরে আটকে পড়ে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে ২৭ জন আটকা পড়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছিল।
এর আগে ১৯৬৭ সালে নিউজিল্যান্ডের একই অঞ্চলে ভয়াবহ খনি বিস্ফোরণে ১৯ শ্রমিক নিহত হয়।
গুরুত্বপূর্ণ কয়লা উৎপাদক এ অঞ্চলে চলতি বছরই এই কয়লা খনিটি চালু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬০২ঘ.
bdnews24