লস এঞ্জেলেস, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাণী দ্বিতীয় এলিজাবেথের পর রাজা হলে স্ত্রী ক্যামিলা রাণী হতে পারেন বলে প্রথমবারের মতো মন্তব্য করেছেন প্রিন্স চার্লস।
টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এক তিনি একথা বলেন।
চার্লস রাজা হলে ক্যামিলার রাণী হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "দেখা যাক। আমি রাজা হব কিনা এখনো জানি না। তবে আমি যদি সে পর্যন্ত জীবিত থাকি, তবে এ রকম হতে পারে।"
প্রিন্স অব ওয়েলসের ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎকারটি শুক্রবার যুক্তরাষ্ট্রে সম্প্রচার করার কথা। সম্প্রচারের আগেই সাক্ষাৎকারের সঞ্চালক ব্রায়ান উইলিয়ামসের সঙ্গে কথোপকথনের একটি নথি প্রকাশ করেছে এনবিসি।
অগাস্টে ধারণ করা এ সাক্ষাৎকারে চার্লস তার প্রকৃতির প্রতি ভালবাসা ছাড়াও গণমাধ্যম ও তার ছেলে হ্যারি এবং উইলিয়ামের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছেন।
প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিনের প্রেমিকা ক্যামিলা পার্কার বোয়েলসকে বিয়ে করেন চার্লস। তাদের দাম্পত্য জীবন ইতোমধ্যে পাঁচ বছর পার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৭ঘ.
bdnews24