বাকু নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফল পেতে হলে ইরানকে হুমকি-ধামকি দেওয়া বন্ধ করতে হবে বিশ্বের শক্তিধর দেশগুলোকে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন।
আজারবাইজান সফরকালে এক সাংবাদিক সম্মেলনে আহমাদিনেজাদ একথা বলেন। কিন্তু ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের ছয় শক্তিধর দেশের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানি) আলোচনা আগামী মাসে হওয়ার সম্ভাবনা আছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
আহমাদিনেজাদ বলেন, "তারা আলোচনায় ইতিবাচক ফল পেতে চাইলে আগ্রাসী চিন্তাভাবনা বাদ দিতে হবে। তাদের মধ্যে কেউ কেউ আগ্রাসী চিন্তা-ভাবনা করে। তারা মনে করে আমাদেও ওপর চাপ প্রয়োগ করে কিংবা হুমকি-ধামকি দিয়ে আমাদেরকে ভীত-সন্ত্রস্ত করে তারা ইতিবাচক ফল পাবে।"
"তাদেরকে পুরোনো পদ্ধতি ঝেড়ে ফেলতে হবে। তা না হলে ফল একই হবে। কোনো অবরোধেই ইরানি জাতি বদলাবে না।"
ইরান তাদের পরমাণু কর্মসূচি শািন্তপূর্ণ দাবি করে আসলেও পশ্চিমাদের ধারণা বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ সন্দেহ দূর করার চেষ্টায় দুপ ৫ ডিসেম্বরে আলোচনায় বসতে রাজি থাকার ইচ্ছা প্রকাশ করেছে।
ইরান ইস্তাম্বুলে আলোচনা চায়। আর ছয় বিশ্বশক্তি চায় জেনেভায় আলোচনা হোক। দুপরে মধ্যে আলোচনার স্থান নিয়ে এখনো মতৈক্য হয়নি।
দুপ রাজি হলে এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই হবে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের প্রথম আলোচনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ ঘ.
bdnews24