পোর্ট অ প্রিন্স, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/এএফপি)---- হাইতিতে সহস্রাধিক মানুষের মৃত্যু ঘটিয়ে কলেরা মহামারি এখন সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে ডোমিনিকান রিপাবলিকে।
প্রথম একজনের কলেরা ধরা পড়ার কথা জানিয়েছে ডোমিনিকান রিপাবলিক।
এই কলেরা রোগী হাইতির এক অভিবাসী নির্মাণ শ্রমিক। সম্প্রতি সে দেশে ফিরেছে বলে জানিয়েছে ডোমিনিকান রিপাবলিকের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওদিকে, কলেরা ছড়িয়ে পড়া ঠেকাতে ইতোমধ্যেই সীমান্তে কড়া ব্যবস্থা নিয়েছে ডোমিনিকান কর্তৃপক্ষ। হাইতির সীমানা পেরোনো জাতিসংঘের গাড়িগুলোকে জীবাণুমুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এক শতাব্দির মধ্যে হাইতিতে প্রথম ছড়িয়ে পড়া ভয়াবহ কলেরা মহামারিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা সরকারি হিসাবে ১ হাজার ৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো এ রোগ ছড়াচ্ছে দ্রুতহারে।
হাইতির মতো ডোমিনিকান রিপাবলিকেও এক শতাব্দির বেশি সময় ধরে কলেরা দেখা দেওয়ার কোনো রেকর্ড নেই। কিন্তু হাইতি থেকে এখন সেখানেও এ রোগ বিস্তারের হুমকি সৃষ্টি হয়েছে।
হাইতিতে কলেরায় মৃত্যুহার বাড়তে থাকায় সেখানে আতঙ্ক দেখা দিয়েছে। ক্ষেপে উঠেছে জনগণ।
তাদের সব আক্রোশ গিয়ে পড়েছে বিদেশি শান্তিরক্ষীদের ওপরে। তারাই হাইতিতে কলেরা বহন করে এনেছে বলে দোষারোপ করছে হাইতিবাসীরা।
জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে বিক্ষোভ সংঘর্ষে হাইতিতে নিহতও হয়েছে দুই বিক্ষোভকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৭ ঘ.
bdnews24