২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড পরিস্থিতি সামাল দিতে রাজি ইইউ-আইএমএফ

ঋণ জর্জরিত আয়ারল্যান্ড পরিস্থিতি সামলাতে দেশটির ব্যাংকিং খাতের সঙ্কট মেটাতে মঙ্গলবার আইএমএফ এর সঙ্গে কাজ শুরু করতে একমত হয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 04:37 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ব্রাসেলস, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ঋণ জর্জরিত আয়ারল্যান্ড পরিস্থিতি সামলাতে দেশটির ব্যাংকিং খাতের সঙ্কট মেটাতে মঙ্গলবার আইএমএফ এর সঙ্গে কাজ শুরু করতে একমত হয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। তবে তারা বলেছেন, এ অর্থসহায়তা আয়ারল্যান্ড চায় কিনা সে ব্যাপারে তাদেরকেই সিদ্দান্ত নিতে হবে। ব্রাসেলস বৈঠকে ইউরোজোন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ সিদ্ধান্ত জানানোর আগে আইরিশ প্রধানমন্ত্রী ব্রেয়ান কাউয়েন জানিয়েছিলেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি পুনরুদ্ধার তহবিল চায় না। তিনি জানান, ২০১১ সাল পর্যন্ত সরকারের তহবিলে অর্থ রয়েছে। কেবল ব্যাংকগুলোর জন্য অর্থসহায়তা দরকার। ইউরোগ্রুপের চেয়ারম্যান জিয়ান-ক্লড জাঙ্কার বলেছেন, ইউরোপীয় কমিশন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ও আইএমএফ আয়ারল্যান্ডের সঙ্গে কথা বলবে। আর প্রয়োজনে ১৬ দেশের ইউরোজোনের অর্থনৈতিক স্থিতিশীলতা অক্ষুন্ন রাখতে এগিয়ে আসারও অঙ্গীকার করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৩৩ঘ.