তেহরান, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান মঙ্গলবার থেকে ৫ দিন ব্যাপী আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। বিমান হামলা ঠেকানোর সক্ষমতা যাচাইয়ে এটিই সবচেয়ে বড় মহড়া বলে জানিয়েছে তারা।
ইরানের পরমাণু স্থাপনাগুলোর কাছে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ এ মহড়া চলছে। ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভির ওয়েবসাইট এক বার্তায় একথা জানিয়েছে।
ইরানকে পরমাণু কর্মসূচি থেকে নিবৃত্ত করতে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করলেও পশ্চিমাদের ধারণা, বেসামরিক কর্মসূচির আড়ালে তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
ইসরায়েল পরমাণু অস্ত্রসমৃদ্ধ ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। আর ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবেলায় প্রয়োজনে আগবাড়িয়ে হামলা চালাতেও প্রস্তুত।
এ পরিস্থিতিতে যে কোনো সময় আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি প্রমাণ করতে ইরান প্রায়ই সামরিক মহড়া চালিয়ে আসছে।
এবার ব্যাপক আকারে শুরু করা মহড়া ইরানের আকাশসীমা এবং পরমাণু কেন্দ্রগুলোতে বিমান হামলার যে কোনো হুমকি মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়াবে।
তেহরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রধান আহমেদ মেগ্রাহির উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৯৪০ঘ.
bdnews24