জালালাবাদ, আফগানিস্তান, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে দফায় দফায় চলছে তালেবান হামলা। সর্বশেষ হামলাটি হয়েছে শনিবার প্রধান বিমানবন্দরে অবস্থিত বিদেশি সেনা ঘাঁটিতে।
এর আগে শুক্রবার তালেবান হামলা হয়েছে রাজধানী কাবুল, পূর্বাঞ্চলীয় জালালাবাদ ও কুনারসহ উত্তরাঞ্চলীয় কুন্দুজে।
এ নিয়ে ২৪ ঘণ্টায় সংঘটিত অন্ততপক্ষে চারটি হামলা প্রমাণ করেছে যে সেখানে তালেবান সহিংসতা বাড়ছে।
ন্যাটো সেনারা আফগানিস্তানে জঙ্গি নির্মূল অভিযানে সফলতা দাবি করার সময়টিতেই তালেবানরা তাদের এ দাপট দেখালো।
আগামী সপ্তাহে লিসবনে অনুষ্ঠেয় ন্যাটো নেতাদের সম্মেলনের আগে আফগানিস্তানে একের পর এক জঙ্গি হামলা এ সংকেতই দিচ্ছে যে তালেবানরা যে এখনো দুর্জয় শত্র"।
আফগান যুদ্ধে ন্যাটো বাহিনীর পক্ষে জনসমর্থন কমে আসতে থাকায় চাপের মুখে আছেন ইউরোপীয় ন্যাটো নেতারা।
এর মধ্যে ক্রমবর্ধমান তালেবান হামলার মুখে আগামী মাসে আফগান যুদ্ধ কৌশল পুনপর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।
আগামী শনিবার আফগান সেনাদের সহযোগে মার্কিন সমর্থিত বাহিনীর হাতে আফগানিস্তানে তালেবান শাসন পতনের নয় বছর পূর্ণ হবে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বে গুরুত্বপূর্ণ কোনো কিছু ঘটার আগে আগে দিয়ে তালেবানরা বরাবরই হামলা চালিয়ে এসেছে। ফলে এ সময়ে তাদের হামলা বেড়ে যাওয়াটা বিস্ময়কর কিছু নয়।
তবে এ সময়টিতে তাদের হামলা বাড়ানোর আরেকটি উদ্দেশ্য হতে পারে বৈধ একটি রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা।
বিশেষ করে তালেবানদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানে পৌঁছার ব্যাপারে ন্যাটোর সমর্থন বাড়ার এ সময়টিতে।
আফগান বিশ্লেষক গুলাম জেলানি জোয়াক বলেন, "একদিকে তালেবানরা দেখাতে চাইবে যে যুক্তরাষ্ট্র নয়বছর অভিযান চালিয়েও তাদের দমাতে পারেনি। আর অন্যদিকে, তারা একটি গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসাবেও আত্মপ্রকাশ ঘটাতে চাইবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৮ঘ.
bdnews24