জালালাবাদ (আফগানিস্তান), নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের প্রধান বিমানবন্দর ও বিদেশি সেনা ঘাঁটিতে শনিবার হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে কমপক্ষে তিন হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে এ খবর জানা গেছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দরে ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশাপাশি বিস্ফোরণ ও গুলির শব্দও শোনা গেছে। গোলাগুলির সময় মাথার ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যেতে যায় এবং কমপক্ষে একজন আত্মঘাতী হামলাকারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
নানগাহার প্রদেশের পুলিশ প্রধান ওবায়দুল্লাহ তালওয়ার এ হামলা সম্পর্কে নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে জানিয়েছেন, এ হামলায় ১৪ জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছে।
তালেবান সাধারণত তাদের হামলা সম্পর্কে বিস্তারিত কোনোকিছু জানায় না। এমন কী তাদের ক্ষয়-ক্ষতিরও পরিসংখ্যান গোপন রাখে।
তালেবান সেনা কর্মকর্তা আবদুল্লাহ হামদার্দ রয়টার্সকে জানান, "সাতজন তালেবান যোদ্ধা সেনা ঘাঁটিতে হামলা চালায়। তিনজন যোদ্ধা মারা গেছেন। আমরা বাকিদের খোঁজ করছি।"
রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানান, আফগান সেনা বাহিনীর পোশাক পরিহিত তিন তালেবান জঙ্গির দেহ সেনা ঘাঁটির কাছে পড়ে আছে। তাদের পাশে গ্রেনেড, ছোট আগ্নেয়াস্ত্র এবং একটি ভারি মেশিনগানও ছিল।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এ হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
শনিবার আফগানিস্তানে তালেবান সরকার পতনের নয় বছর পূর্ণ হয়েছে। ২০০১ সালে মার্কিন সমর্থিত আফগান বাহিনী সরকারকে ক্ষমতাচ্যুত করে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা চালায় আল- কায়েদা জঙ্গিরা। তালেবান সরকার ক্ষমতায় থাকাকালীন আল-কায়েদার শক্ত ঘাঁটি ছিল আফগানিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪০ঘ.
bdnews24