২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচিতে বৃহস্পতিবার সন্দেহভাজন তালেবানের আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 04:54 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

করাচি, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচিতে বৃহস্পতিবার সন্দেহভাজন তালেবানের আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। তবে বিবিসি জানিয়েছে, মৃতের সংখ্যা ২০ জন। করাচির অপরাধ তদন্ত বিভাগের ভবনটিতে জঙ্গিরা ঢোকার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এ সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ভবনের বাইরের দেয়ালে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জাভেদ আকবর রিয়াজ রয়টার্সকে বলেন, "এটি একটি আত্মঘাতী হামলা বলে আমাদের ধারণা।" অপরাধ তদন্ত ভবনটি থেকে কয়েক মিটার দূরে প্রাদেশিক মুখ্যমন্ত্রীর বাড়ি। এ কারণে সর্বোচ্চ নিরাপত্তা ও গুরুত্বের জন্য এলাকাটি 'রেড জোন' হিসেবে পরিচিত। পাকিস্তানের তেহরিক-ই-তালিবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র আজম তারিক জানান, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে আদিবাসী অঞ্চলে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। তারিক রয়টার্সকে বলেন, "এই হামলা ড্রোন হামলার প্রতিশোধ আর সেটি (ড্রোন হামলা) বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চলবেই।" অপরাধ তদন্তের এই ভবনটিতে জিজ্ঞাসাবাদের জন্য অনেক জঙ্গিকে আটক রাখা হয়েছে। আটক জঙ্গিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনেরও সদস্য রয়েছেন। তবে হামলার সময় ভবনটিতে কতজন জঙ্গি আটক ছিলেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৭ঘ.