সিউল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিভিন্ন অর্থনৈতিক ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে বেইজিংয়ের মুদ্রাব্যবস্থা নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিতর্কিত ইস্যুতে সতর্ক মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র বলছে, বেইজিং ইচ্ছাকৃতভাবে তাদের মুদ্রা ইউয়ানের মান মার্কিন ডলারের সাপেক্ষে কম করে রেখেছে। এ মান বাড়ানোর দাবি করে আসছে যুক্তরাষ্ট্র।
সউলে অনুষ্ঠিত জি- টোয়েন্টি সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকের শুরুতে ওবামা বলেন, "অর্থনৈতিক দিক থেকে বিশ্বের নেতৃত্বস্থানীয় দুটি দেশ হিসেবে দৃঢ় অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করা ও স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনে আমরা দায়বদ্ধ।"
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এটি ওবামার সপ্তম বৈঠক। অন্য কোন রাষ্ট্র প্রধানের সঙ্গে তিনি এতোবার বৈঠক করেননি।
ওবামা যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছেন তা এ থেকেই পরিস্কার।
চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে এক মন্তব্যে ওবামা বলেন, শুধু দ্বিপক্ষীয় ইস্যু নয়, বৈশ্বিক ইস্যু নিয়ে দু'দেশ আলোচনা করে আসছে। আর তাই গত কয়েক বছরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৯ ঘ.
bdnews24