বেইজিং, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে মেলামিন মিশ্রিত দুধ কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য প্রচার চালানো কর্মী ঝাও লিয়ানহাইকে বুধবার আড়াই বছরের জেল দিয়েছে আদালত।
সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার অভিযোগে তাকে এ শাস্তি দিয়েছে চীনা আদালত। ঝাও এর স্ত্রী লি সুয়েমেই রয়টার্সকে একথা জানিয়েছেন।
২০০৮ সালে চীনে মেলামিন মিশ্রত দুধ পানে অন্ততপক্ষে ৬ শিশু মারা যায়। অসুস্থ হয় প্রায় ৩ লাখ শিশু। আর হাসপাতালে ভর্তি হয় ৫০ হাজার শিশু। এ ক্ষতির শিকার হয়েছে ঝাও লিয়ানহাইয়ের শিশুও।
এরপরই ঝাও শিশুদের অভিভাবকদের তথ্য সরবরাহ করার জন্য 'কিডনি স্টোন বেবিস' নামে একটি ওয়েবসাইট চালু করেন।
তার এ পদক্ষেপ সমাজে সমস্যা সৃষ্টিকারী এবং উস্কানিমূলক অভিযোগে পুলিশ গত ডিসেম্বরে ঝাওকে গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ঝাও এর এ শাস্তির নিন্দা জানিয়েছে। চীন কোনো অপরাধীকে নয় বরং জনগণের দৃষ্টিতে শিশুদের একজন রক্ষককে জেলে ভরেছে বলে মন্তব্য করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৫৭ ঘ.
bdnews24