তেহরান, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ছয় বিশ্বশক্তির সঙ্গে প্রস্তাবিত আলোচনায় বসবে না। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলেছেন।
ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে নতুন তারিখ প্রস্তাব করার পরদিনই আহমাদিনেজাদ একথা বললেন।
৯ নভেম্বরে ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি এক চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটোনকে জানান, তারা ইস্তাম্বুলে ২৩ নভেম্বর কিংবা ৫ ডিসেম্বরে আলোচনায় বসতে প্রস্তুত। অ্যাশটোনের এক মুখপাত্র এ চিঠি পাওয়ার কথা নিশ্চিতও করেন।
তবে আলোচনায় কোন বিষয়টি প্রাধ্যান্য পাবে জলিলি তা স্পষ্ট করেননি। তাছাড়া, ঊর্ধ্বতন এক কর্মকর্তাও মঙ্গলবার আলোচনা চালানোর ব্যাপারে খুব বেশি উদ্যোগী না হওয়ার আভাস দেন।
এরপরই বুধবার ইরানের কেন্দ্রীয় শহর কাজভিন এ এক টেলিভিশন ভাষণে আহমাদিনেজাদ পরিস্কার করে বললেন, আমাদের পরমাণু কর্মসূচির অধিকার নিয়ে কোনো আলোচনা হবে না একথা আমরা বারবারই বলে আসছি।
তিনি বলেন, "আমরা কেবল আন্তর্জাতিক সমস্যা নিরসনে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে আলোচনায় বসি।"
তিনি আরো বলেন, ইরান সবসময়ই যুক্তিসঙ্গত আলোচনার পক্ষপাতি। কিন্তু তারা কাউকে তাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করতে দেবে না।
তাছাড়া আন্তর্জাতিক কিছু ইস্যুতে ছয়বিশ্বশক্তিকে তাদের দৃষ্টিভঙ্গি পরিস্কারভাবে তুলে ধরতে হবে বলেও জানান তিনি।
আহমাদিনেজাদ বলেন, "কেউ সততার হাত বাড়ালে ইরান তাকে স্বাগত জানাবে, কিন্তু প্রতারণার হাত তারা কেটে দেবে।"
আহমাদিনেজাদের এ মন্তব্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তির সম্ভাবনা আরেকদফা স্তিমিত হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে।
পরমাণু আলোচনার কারণে এ কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকায় ইরান আলোচনায় বসতে চাইছে না বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন-ভিত্তিক ইন্সটিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যামনাল সিকিউরিটির প্রধান ডেভিড অলব্রাইট।
তিনি বলেন, "বস্তুনিষ্ঠ পরমাণু আলোচনা চালাতে ইরানি নেতারা আসলেই দ্বিধাগ্রস্ত। তারা আসলেই কোনো আলোচনা প্রতিহত করতে চাইছে।কারণ এতে করে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৬ ঘ.
bdnews24