২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা পরিষদে ভারতকে ওবামার সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের দাবিকে সোমবার সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:59 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

নয়াদিল্লি, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসন লাভের দাবিকে সোমবার সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। নয়াদিল্লিতে ভারতের পার্লামেন্টে দেওয়া ভাষণে ওবামা বলেন, আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নতুন রূপে দেখার অপেক্ষায় আছি যেখানে ভারত স্থায়ী সদস্যপদ পাবে। বাড়তি ক্ষমতা দায়দায়িত্বও বাড়ায় বলে মন্তব্য করেন তিনি। ওবামার এ সমর্থনে এ অঞ্চলে ভারতের প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক শক্তি চীনের ওপর কূটনৈতিক চাপ বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিনদিনের ভারত সফরের শেষ মুহূর্তে পার্লামেন্টে দেওয়া ভাষণে ওবামা দেশটিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বে দুই নেতৃস্থানীয় দেশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ভারত বিশ্বের নিরাপত্তা বিধানে অংশীদার হতে পারে। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ওবামা ভারত সম্পর্কে বলেন, তিনি ভারতকে উদীয়মান শক্তি মনে করেন না। এর উত্থান ইতোমধ্যেই ঘটেছে। বিশ্ব মঞ্চে ভারত মূখ্য ভূমিকায় উঠে এসেছে। ভারত বহু বছর ধরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য লবি করে আসছে। বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চারে সহায়ক ভারতের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং দোহা বাণিজ্য আলোচনা থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় সক্রিয় প্রভাব নিয়ে ভারত জি-টোয়েন্টি ভুক্ত দেশগুলোর হাতকে আরো শক্তিশালী করবে এ যুক্তিতে নয়াদিল্লি নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দাবি করছে। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সেই আদ্দিকাল থেকে রয়ে গেছে ৫ স্থায়ী সদস্য যাদের হাতে ভেটো ক্ষমতা আছে। একবিংশ শতাব্দীতে মাথা চাড়া দেওয়া বিশ্বশক্তিগুলোকে এ ক্ষমতাকাঠামোয় অন্তর্ভুক্ত না করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সমালোচনার মুখে পড়েছে। ওবামা বলেন, একবিংশ শতাব্দীর বাস্তবতার প্রতিফলন ঘটাতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে তার আলোচনা হয়েছে। এ পেক্ষাপটে তিনি নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের দাবিকে সমর্থন জানানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ভারতের এ দাবিকে সমর্থন দিয়ে ওবামা বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তির এ দেশটির সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করারই পদক্ষেপ নিলেন। তবে ওবামা ভারতকে সমর্থন দিলেও চীনের মতো অন্যান্য দেশগুলোর বিরোধিতার কারণে জাতিসংঘ নিরপত্তা পরিষদে স্থায়ী আসন পাওয়া ভারতের জন্য খুব সহজ হবে না। ফলে এ দাবি পূরণে ভারতের সামনে এখনো রয়ে গেছে বড় ধরনের প্রতিবন্ধকতা। ১০ দিনের এশিয়া সফরের শুরুতেই ভারত সফর করেছেন ওবামা। সোমবার ভারত সফরের তৃতীয় দিনে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তিনি দুদেশের সম্পর্ক 'গুরুত্বপূর্ণ অংশীদার ভিত্তিক' উল্লেখ করে ভারতের পক্ষ সমর্থন করেন। পাকিস্তান প্রসঙ্গেও অনেকটা ভারতের পক্ষ নিয়ে কথা বলছেন তিনি। দুপক্ষকে শান্তি আলোচনা শুরু করারও তাগাদা দিয়েছেন ওবামা। শনিবার ওবামা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ছিলেন। সেখানে তিনি হোটেল তাজ প্যালেসে অবস্থান করেন এবং সেখানে ভারতের সঙ্গে ১০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। রোববার দুপুরে তিনি রাজধানী দিল্লিতে যান। সোমবার মার্কিন প্রেসিডেন্টকে ভারতীয় রাষ্ট্রপতি প্রাসাদে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় তিনি 'ভারতকে বিশ্ব শক্তি' হিসেবে উল্লেখ করেন। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ওবামা বলেন, "ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম অংশীদারিত্বের সম্পর্ক।" ভারত সফরের পর ওবামা ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩২ ঘ.