২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নির্বাচন পশ্চিমাদের প্রত্যাখ্যান

মিয়ানমারে ২০ বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাধর পশ্চিমা রাষ্ট্রগুলো। পশ্চিমারা এই নির্বাচনকে অবাধ তো নয়ই এমন কী নিরপেক্ষও নয় বলে অভিহিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 04:51 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে ২০ বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাধর পশ্চিমা রাষ্ট্রগুলো। পশ্চিমারা এই নির্বাচনকে অবাধ তো নয়ই এমন কী নিরপেক্ষও নয় বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রোববারের এই নির্বাচন "আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মানে পৌঁছেনি।" যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেছেন, "এই নির্বাচনের মানে হচ্ছে বর্বর সরকারকেই পুনরায় ক্ষমতাসীন করা।" ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন একে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সূ চিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট পড়েছে একেবারেই কম। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে। নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল সামরিক সমর্থনপুষ্ট একটি দলের বাক্সে ভোট বেশি পড়বে। তাই সত্যি হচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ওই দলটিই এগিয়ে রয়েছে। তবে কখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিবিসি জানিয়েছে, ভোট চলাকালীন বিদেশি পর্যবেক্ষকদের কোথাও ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকরাও কোনো ভোটকেন্দ্র পরিদর্শন করতে পারেননি। ভোট কম পড়ার কারণ, সামরিক শাসকদের বিরোধীদলগুলো এই নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিল। তাতে সাড়া দিয়েই ভোটাররা ভোট দিতে আসেননি। কেননা এ নির্বাচনে জনগণের জন্য কোনো আশার আলো নেই। প্রত্যদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ ভোট বাদ দিয়ে ইয়াংগুনের প্যাগোডায় জমায়েত হয়েছে। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী চিন প্রদেশের রাজধানী হাকায় বেশিরভাগ ভোটার ভোট দেওয়া বাদ দিয়ে চার্চের প্রার্থনায় যোগ দিয়েছেন। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সবগুলো আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ভোটের মাধ্যমে পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং হাউস অব ন্যাশনালিটিজ-এর সদস্য নির্বাচিত হবে। একই সঙ্গে ১৪টি প্রাদেশিক পার্লামেন্টের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০টি দল এই নির্বাচনে অংশ নিয়েছে। ১৯৯০ সালের নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সূ চি'র নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) জয় পেলেও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে সূ চিকে গৃহবন্দি করে রাখে। মিয়ানমারের নির্বাচনে সামরিক জান্তা সমর্থিত দ্য ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ১১৫৮ আসনের সব কয়টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই দলের একমাত্র কার্যকর প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি) ৯৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দলটিও সেনাসমর্থিত। এছাড়া এনএলডি'র সাবেক কিছু নেতাকর্মীর সমন্বয়ে গঠিত গণতন্ত্রপন্থী নতুন দল 'ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফোর্স' প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে। তবে পার্লামেন্টের উভয়কক্ষে ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর কর্মকর্তাদের জন্য সংরক্ষিত থাকায় সেনাসমর্থিত দল মাত্র ২৬ শতাংশ আসনে জয় পেলেই তারা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/বিসিএস/এলকিউ/সিআর/১০৪৫ঘ.