কাবুল, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ দপ্তরে হামলায় জড়িত সন্দেহে তিন তালেবান সদস্যকে আটক করেছে আফগান নিরাপত্তা বাহিনী।
গত ২৩ অক্টোবর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হেরাত শহরে জাতিসংঘ দপ্তরে পুলিশ ও নারীর পোশাক পরা চার তালেবান সদস্য আত্মঘাতী বোমা হামলা চালায়।
তখন হামলাকারীরা সবাই নিহত হলেও জাতিসংঘ কর্মকর্তাদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রেপ্তার তিনজন ওই হামলাকারীদের সহায়তা করেছিলো বলে আফগান কর্মকর্তাদের দাবি।
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের মুখপাত্র সাইদ আনসারি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আটক তিনজনের মধ্যে নুর মোহাম্মদ নামের একজন হামলাকারীদের পাকিস্তানের কোয়েটা থেকে হেরাতে যেতে সহায়তা করেন।
নুর মোহাম্মদই চার হামলাকারীকে কোয়েটা থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশ দিয়ে হেরাতে নিয়ে যান বলে জানান আনসারি।
তিনি বলেন, "তালেবানের কোয়েটা শাখার শূরা সদস্য মোল্লা ইসমাতুল্লাহ সামাঙ্গানির নির্দেশে এ হামলা হয়েছে।"
ইসমাতুল্লাহ বর্তমানে পাকিস্তানে আছেন বলেও আফগান কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১৩৩ ঘ.
bdnews24