২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৭১

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার দুই মসজিদে দুটি বোমা হামলার ঘটনায় অন্ততপক্ষে ৭১ জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

পেশাওয়ার, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার দুই মসজিদে দুটি বোমা হামলার ঘটনায় অন্ততপক্ষে ৭১ জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ) খায়বার-পাখতুনখা প্রদেশের রাজধানী পেশাওয়ারের দারা আদম খেল শহরতলীতে প্রথম হামলাটি হয়। শুক্রবার মুসল্লিরা জুমার নামাজ শেষে ওয়ালি মসজিদ থেকে বের হওয়ার সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়। এতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে বলে জানান প্রাদেশিক সরকারের কর্মকর্তারা। ঊর্ধ্বতন প্রাদেশিক সরকারি কর্মকর্তা শহীদুল্লাহ রয়টার্সকে বলেন, "হামলাটি আত্মঘাতী। এতে নিহতের সংখ্যা এখন ৬৬-তে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক।" এ হামলায় আরো ৮০ জন আহত হয়েছে বলেও জানান শহীদুল্লাহ। তিনি বলেন, নিরাপত্তরক্ষীরা মসজিদের গেটে হামলাকারীকে থামানোর চেষ্টা করার পরও সে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওয়ালি মসজিদের হলঘরে নামাজ শেষ হওয়ার পরপরই সমবেত প্রায় ৩শ' মানুষের ভিড়ের মধ্যে ঢুকে বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। ১৫ বছর বয়সী মহিবুল্লাহ বলেন, "আমি নামাজ শেষ করা মাত্রই বড় ধরনের একটি বিস্ফোরণ হয়। এটি ছিলো খুবই ভীতিকর। এরপর কি ঘটেছে তা জানি না। আমি পড়ে যাই।" ওদিকে, ২য় বোমা বিস্ফোরণটি ঘটেছে পেশাওয়ারের উপকণ্ঠে আরেকটি মসজিদে মাগরেব এর নামাজের সময়। এতে অন্ততপক্ষে ৫ জন নিহত হয়েছে। নগরীর ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা সিরাজ আহমেদ একথা জানিয়েছেন। সেপ্টেম্বরে পাকিস্তানে শিয়া মুসলিমদের ওপর আত্মঘাতী বোমা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই হামলায় ৫৪ জন নিহত হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ ঘ.