সান জোসে, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোস্টারিকায় বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ২০ জন নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কফি উৎপাদক দেশটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট লরা চিনচিলা।
দেশটির জাতীয় জরুরি কমিশন জানিয়েছে, রাতভর বৃষ্টির কারণে ভূমিধসে পার্বত্যাঞ্চল চেরো পিকো ব্লানকোয় নিখোঁজ হয়েছেন ১৫ জন ।
এ অঞ্চলটি পরিব্রাজক ও পর্বতারোহীদের কাছে বেশ প্রিয়। দুর্বল নির্মাণশৈলীর বেশকিছু ঘর-বাড়ি ভূমিধসে চাপা পড়েছে বলেও জানায় কমিশন।
বৃহস্পতিবার প্রথম ভাগে প্রেসিডেন্ট চিনচিলা এক সাংবাদিক সম্মেলনে বলেন, "জাতির জন্য এ এক বিরাট দুর্যোগ।"
ভূমিধসে নিখোঁজ কেউ বেঁচে আছেন কিনা তার জন্য উদ্ধারকারীরা কাজ করে যাচ্ছে।
চলতি সপ্তায় দেশটিতে আকস্মিক বন্যার সৃষ্টি হলে রাজধানী সান জোসেসহ উপকূলীয় অঞ্চলের ১৩ শতাধিক মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বৃষ্টির কারণে একটি জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বাজে আবহাওয়া ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকৌশলীরা সেখানে যেতে পারছেন না।
জরুরি কমিশনের প্রেসিডেন্ট ভ্যানেসা রোজালেস জানান, বৃষ্টির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদক অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির সরকারি পরিসংখ্যান জানানো হয়নি।
বৃষ্টি ও বন্যার কারণে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রেসিডেন্ট চিনচিলা প্রতিবেশি দেশগুলোর কাছে কোস্টারিকার কর্তৃপক্ষকে এ ব্যাপারে সহায়তার অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৮ঘ.
bdnews24