ওয়াশিংটন, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে বড় ধরনের জয়ে উচ্ছ্বসিত রিপাবলিকানরা এখন তাদের নতুন ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে চাইছে। এর প্রথম ধাপেই প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে নেওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গুটিয়ে আনার অঙ্গীকার করেছে তারা।
ওদিকে, রিপাবলিকানদের পুনরুত্থানে মর্মাহত ওবামা এখন চাইছেন রিপাবলিকানদের সঙ্গে মিলেমিশে আপোসরফার মধ্য দিয়ে সরকারের কর্মসূচি এগিয়ে নিতে। আর ভোটারারাও সেটিই চায় বলে মন্তব্য করেছেন তিনি।
অর্থনীতির উন্নতির জন্য ওবামা ইতোমধ্যেই রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যদিও তিনি বলেছেন, কাজটি খুব সহজ হবে না।
ওবামার ডাকে রিপাবলিকান নেতারা একযোগে কাজ করার পথ খোঁজার প্রতিশ্র"তি দিয়েছেন বটে, কিন্তু তারা যে ওবামার হাতে নেওয়া বিভিন্ন সামাজিক সংস্কার কর্মসূচি থেকে পিছু হটবেন তাতে কোনো সন্দেহ নেই।
শীর্ষ রিপাবলিকান নেতাদের মধ্যে আপোস করার মনোভাব খুব একটা দেখা যাচ্ছে না। তারা ওবামার কথায় সায় দিলেও বারবারই তাকে সতর্ক করে দিচ্ছেন এই বলে যে, ওবামার সংস্কার কর্মসূচি যে একটু বাড়াবাড়িরকম হয়ে গেছে ভোটাররা ইতোমধ্যেই তাকে তা বুঝিয়ে দিয়েছে।
রিপাবলিকান জন বোয়েনার বলেছেন, "এ ব্যাপারটি পরিস্কার যে, মার্কিনিরা কমসংখ্যক সদস্য নিয়ে কম ব্যয়বহুল ও আরো জবাবদিহিমূলক সরকার প্রত্যাশা করে।"
প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাচ্ছেন বোয়েনার। সাংবাদিকদের তিনি বলেন, "আমরা জনগণের কথা শোনার প্রতিশ্র"তি দিয়েছি।"
মার্কিন ভোটাররা অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং ওবামার নেতৃত্ব নিয়েও অসন্তুষ্ট। মঙ্গলবারের নির্বাচনে তারা ডেমোক্র্যাটদের এর শাস্তিই দিয়েছে। প্রতিনিধি পরিষদ চলে গেছে রিপাবলিকানদের দখলে।
ওবামা এ ফলকে 'চূড়ান্ত পরাজয়' আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, হতাশ আমেরিকানদের চাহিদামাফিক সমাধান খোঁজা কঠিন হবে।
ওদিকে, ভোটাররা কি চায় তার ব্যাখ্যা দিয়ে রিপাবলিকানরা বিশেষত বোয়েনার এবং সিনেট নেতা মিচ ম্যাককনেল বলেছেন, গত দুবছরে কংগ্রেসের ডেমোক্র্যাটরা স্বাস্থ্য পরিষেবা এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত সংস্কার বিল পাস করেছে সেগুলো গুটিয়ে নেওয়া হোক--- ভোটাররা সেটাই চেয়েছে।
ম্যাকনেল বলেন, "মার্কিনিরা যে কর্মসূচি প্রত্যাখ্যান করেছে আমরা তা বন্ধ করে দিতে বদ্ধপরিকর। প্রশাসন যখন জনগণের সঙ্গে একমত পোষণ করবে তখন আমরা তাদের সঙ্গে থাকব। আর যখন জনগণের সঙ্গে একমত হবে না তখন বিরোধিতায় যাবো।"
তবে দ্বিধাবিভক্ত সরকারের কারণে জানুয়ারিতে নতুন কংগ্রেসের কাজ শুরুর পর আইন পাশে জটিলতা দেখা দেবে বলেই মনে করা হচ্ছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের যে কোনো উদ্যোগ আটকে দিতে পারে সিনেটের ডেমোক্র্যাটরা। তাছাড়া ওবামার হাত অনেকটা দুর্বল হয়ে পড়লেও ভেটো ক্ষমতা তার এখনো আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৯ ঘ.
bdnews24