পেনালভের (কিউবা), নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবায় ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি যাজক প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু করেছে ক্যাথলিক চার্চ।
কিউবার রাজধানী হাভানার বাইরে অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুধবার এর প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো।
তবে অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৩শ' কূটনীতিক, গির্জা ও সরকারি কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি কিছুই বলেননি।
গির্জার এ প্রকল্পে সহায়তার জন্য বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো ও তার ভাই সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর প্রশংসা করেন কিউবার ক্যাথলিক নেতা কার্ডিনাল জেইম ওর্তেগা।
অনুষ্ঠানে উপস্থিতি ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ওর্তেগা বলেন, "এ প্রকল্প বাস্তবায়নে সাহায্য করার জন্য সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো এবং এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করায় বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোকে গির্জার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৫ঘ.
bdnews24