২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাউজ রিপাবলিকানদের দখলে, সিনেট ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) রিপাবলিকানদের জয়ে একচ্ছত্র আধিপত্য হারিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্র্যাট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 10:18 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ওয়াশিংটন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) রিপাবলিকানদের জয়ে একচ্ছত্র আধিপত্য হারিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্র্যাট দল। তবে সিনেটে খুব অল্প ব্যবধানে নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটরা। যদিও হারাতে হয়েছে ছয়টি আসন। কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন ওবামার জন্য বড় ধরনের ধাক্কা। এতে করে সামনের দিনগুলোতে তার বিভিন্ন বিল পাসের পদক্ষেপ হুমকির মুখে পড়বে। নির্বাচনের ফলে দেখা যাচ্ছে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮৪টি আসন। অন্যদিকে, রিপাবলিকানরা ২৪০টি আসনে জয়ী হয়ে ডেমোক্র্যাটদের চেয়ে অনেক এগিয়ে গেছে। ওদিকে, সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ৫১ টি। আর রিপাবলিকানরা পেয়েছে ৪৬ টি আসন। ৫১টি আসন পেলেই কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তাদের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা হবে। নির্বাচনে রিপাবলিকানদের এ উত্থান ওবামার নীতির প্রতি মার্কিনিদের কঠোর জবাব বলেই মনে করছেন বিশ্লেষকরা। ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অর্থনীতি ও তার নেতৃত্ব নিয়ে মার্কিন ভোটাদের অসন্তুষ্টিই রিপাবলিকানদের পাল্লা ভারী করেছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনপূর্ব জরিপগুলো অবশ্য এ আভাসই দিচ্ছিলো। পরিবর্তনের স্লোগানে উজ্জীবিত মার্কিনিরা ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের একচ্ছত্র আধিপত্য দিয়েছিলো হোয়াইট হাউজ এবং কংগ্রেসের উভয়কক্ষে। দুবছরের ব্যবধানে মার্কিনিদের স্বপ্নভঙ্গ ঘটেছে। নির্বাচনের ফল সেকথাই বলছে। এর আগেও মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীনদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তবে এবারের মতো নাজুক পরিস্থিতি কখনো দেখা যায়নি। রিপাবলিকানদের জয় প্রশাসনিক অচলাবস্থা ও আয় কর কর্তন, সর্বাত্মক জ্বালানি ও অভিবাসন আইন নিয়ে প্রেসিডেন্ট ওবামার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। রিপাবলিকানদের জয়ের কারণে প্রতিনিধি সভার স্পিকার ডেমোক্র্যাট দলের ন্যান্সি পেলোসিও ক্ষমতাচ্যুত হয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ঝুলন্ত সরকারের এক নতুন যুগের সূচনা হচ্ছে। মঙ্গলবার কংগ্রেসের পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যের ৩৭টিতে রাজ্য সরকার নির্বাচনও ভোট দেয় মার্কিনিরা। সেখানেও রিপাবলিকানদের জয়জয়কার। এ পর্যন্ত ২০ জন গভর্নর রিপাবলিকানদের। অন্যদিকে সাত জন গভর্নর ডেমোক্র্যাটদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এমআই/এলকিউ/১২০০ঘ.