ম্যানিলা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অতি দ্রুত সন্ত্রাসী হামলা হতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া।
তবে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভলতেয়ার গাজমিন জানান, "আশু হুমকির কোনো সম্ভাবনা ফিলিপাইন সরকার দেখছে না। তবু ওই সতর্কবার্তাগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে।"
নভেম্বরের ২ তারিখে পাঠানো ভ্রমণ বিষয়ক নির্দেশনায় সন্ত্রাসীদের হামলার সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে জানানো হয়। তাতে বিমানবন্দর, শপিংমলের মতো বিদেশিদের জমায়েত হতে পারে এমন স্থানগুলো সম্পর্কে সতর্ক করা হয়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিয়ষক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, "ম্যানিলাসহ ফিলিপাইনের যে কোনো স্থানে যে কোনো সময় বোমা বিস্ফোরণসহ সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।"
ব্রিটেন ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা প্রতিনিয়ত বেশ কয়েকটি লক্ষ্যস্থলে হামলা পরিকল্পনার নির্ভরযোগ্য তথ্য পাচ্ছি। সন্ত্রাসীরা বিদেশিদের সমাগম বেশি হয় এমন স্থানগুলোকে লক্ষ করেই হামলার পরিকল্পনা করছে।"
কিন্তু ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৪ঘ.
bdnews24