ওয়াশিংটন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ নিতে চলেছে রিপাবলিকানরা। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে পর প্রাথমিক ফলাফল এ আভাসই দিচ্ছে।
কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে নিজের পরিকল্পনা বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে।
কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে এ পর্যন্ত ডেমোক্র্যাটরা পেয়েছে ৯২টি আসন। অন্যদিকে রিপাবলিকানরা বিজয়ী হয়েছে ১৪৬টি আসনে।
১০০ আসনের সিনেটের ৩৯টিতে নির্বাচন হয়েছে। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে রিপাবলিকানরা ১৮টিতে জয় পেয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা পেয়েছে সাতটি।
২৩টির সঙ্গে ১৮টি যোগ হয়ে ৪১টি আসন ইতোমধ্যে হয়ে গেছে রিপাবলিকানদের। ৫১টি আসন পেলেই কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তাদের নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা হবে।
সিনেটে ৫৭টি আসন ডেমোক্র্যাটদের ও ৪১টি আসন রিপাবলিকানদের ছিলো। বাকি দুটি আসন স্বতন্ত্র সিনেটরের।
প্রতিনিধি পরিষদে নিজেদের নিয়ন্ত্রণে থাকা আসনগুলোসহ ডেমোক্র্যাটদের ২৫৫টি আসনের ৩৯টিতে জয় পেলেই নিুকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে রিপাবলিকান দল।
৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের ২৫৫টি ডেমোক্র্যাটদের ও ১৭৮টি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিলো। এছাড়া দুটি আসন ফাঁকা থাকে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এ ভরাডুবি প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির প্রতি মার্কিনিদের কঠোর জবাব বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অর্থনীতি ও তার নেতৃত্ব নিয়ে মার্কিন ভোটাদের অসন্তুষ্টিই রিপাবলিকানদের পাল্লা ভারী করেছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনপূর্ব জরিপগুলো অবশ্য এ আভাসই দিচ্ছিলো।
রিপাবলিকানদের এ বিজয় প্রশাসনিক অচলাবস্থা ও আয় কর কর্তন সর্বাত্মক জ্বালানি ও অভিবাসন আইন বিষয়ে প্রেসিডেন্ট ওবামার ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
রিপাবলিকানদের এ জয়ের ফলে প্রতিনিধি সভার স্পিকার ডেমোক্র্যাট দলের ন্যান্সি পেলোসিও ক্ষমতাচ্যুত হয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ঝুলন্ত সরকারের এক নতুন যুগের সূচনা হচ্ছে।
মঙ্গলবার কংগ্রেসের পাশাপাশি ৫০টি অঙ্গরাজ্যের ৩৭টিতে রাজ্য সরকার নির্বাচনও ভোট দেয় মার্কিনিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/এমআই/১২০০ঘ.
bdnews24