বাগদাদ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদজুড়ে মঙ্গলবার দফায় দফায় বোমা হামলায় কমপক্ষে ৭৬ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন।
এর আগে ইরাক এবং মিশরে বন্দি আল-কায়েদা সদস্যদের মুক্তির দাবিতে রোববার সন্ধ্যায় বাগদাদের ওই গির্জায় প্রার্থনারত ১০০ জনকে জিম্মি করেছিল আল কায়দার সঙ্গে সম্পৃক্ত বন্দুকধারীরা। ওই ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে ৫২ জন নিহত ও ৬৭ জন আহত হন।
ওই ঘটনার ঠিক দু'দিন পর বাগদাদজুড়ে এই হতাহতের ঘটনা ঘটল।
দফায় দফায় বোমা হামলার ঘটনায় নিহতের বিভিন্ন পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা এপি ৭৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে। বিবিসি জানিয়েছে কমপক্ষে ৬৩ জনের মৃত্যুর খবর।
অন্যদিকে বাগদাদের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম আল মৌসাভি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "প্রাথমিক হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা কমপক্ষে ৪০ এবং আহত হয়েছেন ৮০ জন।"
তিনি আরো জানান, বাগদাদজুড়ে ১৪টি বিস্ফোরণ ঘটেছে।
স্বাস্থ্যমন্ত্রী সালেহ আল হাসনাভি জানান, ৩৬ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। এসব ঘটনায় ৩২০ জনের মতো আহত হয়েছে বলেও তিনি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫৭ জন এবং আহতের সংখ্যা ২৪৮ জন।
ওই সূত্র আরো জানিয়েছে, ১৪টি গাড়িবোমার বিস্ফোরণ ঘটেছে। পাশাপাশি রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমা এবং ৮টি মর্টার শেল দিয়ে এই হতাহতের ঘটনা ঘটানো হয়েছে।
যদিও মার্কিন বাহিনী দাবি করেছে, তাদের রাডারে মর্টার শেল নিক্ষেপের কোনো ঘটনা ধরা পড়েনি।
সবচেয়ে বড় বিস্ফোরণগুলোর একটি ঘটানো হয়, সদর শহরের শিয়া অধ্যুষিত রেস্টুরেন্ট ও ক্যাফে লক্ষ করে।
বাগদাদে নিযুক্ত মার্কিন বাহিনীর এক মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল এরিক ব্লুম ইমেইলে জানান, "এ ঘটনা কে ঘটিয়েছে তা নিশ্চিত করার মতো কোনো তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে হামলার ধরন দেখে মনে হচ্ছে, এটি ইরাকের আল কায়দার কাজ।"
দুই মাস আগে মার্কিন বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাক ছেড়ে যাওয়া শুরু করে। ইরাকি নিরাপত্তা বাহিনী দেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
আট মাস আগে ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত সরকার গঠন করতে পারেনি। এর ফলে দেশটিতে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে, যার সুযোগ নিচ্ছে জঙ্গি সংগঠনগুলো বলে অভিমত বিশ্লেষকদের।
এর ফলে দেশটিতে সা
bdnews24