২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক কোন্দলে অর্থসংকটের মুখে নেপাল

রাজনৈতিক কোন্দলে নতুন বাজেট পাস না হওয়ায় দুই সপ্তাহের মধ্যে অর্থসংকটে পড়বে নেপাল। ফুরিয়ে যাবে সরকারের খরচের অর্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

কাঠমুন্ডু, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাজনৈতিক কোন্দলে নতুন বাজেট পাস না হওয়ায় দুই সপ্তাহের মধ্যে অর্থসংকটে পড়বে নেপাল। ফুরিয়ে যাবে সরকারের খরচের অর্থ। এতে করে সরকারের ঋণ কার্যক্রম মুখ থুবড়ে পড়বে এবং সরকার বেতন-ভাতা দেওয়ার ক্ষমতা হারাবে। নেপালের অর্থমন্ত্রী সোমবার একথা বলেছেন। জুনে প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর থেকে নেপালে কোন কার্যকর সরকার নেই। নতুন জোট সরকারে মাওবাদীরা নেতৃত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছে। মাওবাদীদের চাপের কাছে নতি স্বীকার করেই পদত্যাগ করেছিলেন মাধব কুমার। শাসন পরিচালনার জন্য পার্লামেন্টে কোন দলেরই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বার বার চেষ্টা করেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে ব্যর্থ হচ্ছে নেপাল। ক্ষমতা নিয়ে দরকষাকষির কারণে পিছিয়ে গেছে বার্ষিক বাজেট। জুলাইয়ের মাঝামাঝি অর্থবছরের শুরুতে বাজেট পাস হওয়ার কথা ছিল। অর্থমন্ত্রী সুরেন্দ্র পান্ডে রয়টার্সকে জানিয়েছেন, অন্তবর্তীকালীন সংবিধানের আওতায় অন্তবর্তী বাজেট থেকে সরকার আপাতত ব্যয় মেটাচ্ছে। কিন্তু ১৬ নভেম্বর এ তহবিল শেষ হয়ে যাবে। তিনি আরো বলেন, "এমন হলে ভয়ঙ্কর অবস্থা হবে। এতে আমাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।" "আমাদের হাতে তখন দিনের পর দিন প্রশাসন চালানো, বয়স্কভাতা দেওয়া এমনকি কারাবন্দীদের খাবার দেওয়ার মতো অর্থটুকুও থাকবে না।" মাওবাদীরা বলছে, বাজেট তৈরির এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই। নতুন বাজেট পাসের জন্য রাজনৈতিক দলগুলোকে নতুন জোট সরকার গঠনে সমঝোতায় পৌঁছতে হবে। নেপালে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাওবাদীদের আস্থার অভাব এ থেকেই স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। পান্ডে বলেন, "রাজনৈতিক অঙ্গনের এ সমস্যা দেশের অর্থনীতিকে মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে।" দক্ষিণ এশিয়ায় এডিবি'র মহাপরিচালক সুলতান হাফিজ রেহমান বলেন, "এ অচলাবস্থা চলতে থাকলে নেপালে উন্নয়নপ্রকল্পগুলো ভয়াবহ সংকটে পড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১২ গ.