কাবুল, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের জেল হয়েছে।
দুর্নীতি দমন এবং অবৈধ মাদক ব্যবসা রোধে পশ্চিমা চাপের মুখে থাকা আফগানিস্তান সোমবার একথা জানায়।
মাদক ব্যবসা রোধে গঠিত বিশেষ 'আফগান ক্রিমিনাল জাস্টিস টাস্ক ফোর্স' (সিজেটিএফ) বলেছে, গত তিন মাসে তারা ১৫৫ জনকে কারাবন্দি করেছে। তার মধ্যে রয়েছে এ ১১ জন সরকারি কর্মকর্তা।
সিজেটিএফ এর মুখপাত্র খলিল-উল-রহমান মুতাওয়াকিল কাবুলে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ১১ জনের মধ্যে পুলিশ জেনারেল মোলহেমই সবচেয়ে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।
আফগানিস্তানের উত্তরপশ্চিম সীমান্তে কয়েকটি প্রদেশের দায়িত্বে আছেন তিনি। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার ১০ বছরের জেল হয়েছে।
আর অন্যান্য কর্মকর্তাদেরকে ১৮ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়াসহ মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সিজেটিএফ এর অপর এক কর্মকর্তা।
মাদক ব্যবসায় জড়িত যারা এখনো এ মামলায় প্রেপ্তার হয়নি তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়ামাত্র তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুতাওয়াকিল।
গত বছর সিজেটিএফ কয়েক ডজন সরকারি কর্মকর্তাসহ প্রায় ৬০০ জনের বিচার করেছে। তাদের মধ্যে এক আর্মি জেনারেলের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৯ ঘ.
bdnews24