সাউদার্ন কুরিলেজ, নর্দান টেরিটোরিজ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কুরিল দ্বীপপুঞ্জ সফর শুরু করায় জাপান ক্ষোভ প্রকাশ করেছে।
মেদভেদেভ সোমবার কুরিল দ্বীপপুঞ্জের সাউদার্ন কুরিলেজ দ্বীপে পৌঁছেছেন।
রাশিয়ার কোনো নেতা হিসেবে প্রথমবারের মতো ঐ দ্বীপপুঞ্জে মেদভেদেভের এ সফরে ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বলেন, এটা খুব দুঃখজনক।
জাপানের পার্লামেন্টারি প্যানেলকে তিনি বলেন, "উত্তরাঞ্চলীয় চারটি দ্বীপের এ দ্বীপপুঞ্জ আমাদের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অবস্থিত। তাই প্রেসিডেন্টের সফর খুবই দুঃখজনক।"
জিজি বার্তা সংস্থা জানিয়েছে, এ সফরের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর জন্য শিগগিরই টোকিওতে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হবে।
গত মাসে এ সুরেই কথা বলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা।
তিনি বলেন, "এ ধরনের কোনো সফর জাপানের নাগরিকদের অনুভূতিতে আঘাত হানবে।"
মস্কো ও টোকিও উভয়ই কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বীপপুঞ্জটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। জাপানিরা দ্বীপপুঞ্জটিকে সাউদার্ন টেরিটোরিজ বলে।
ওদিকে, পূর্ব চীন সাগরে একটি দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে জাপানের।
সেপ্টেম্বরে ঐ দ্বীপের কাছে জাপানের উপকূলরক্ষী জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হলে চীনা ক্যাপ্টেনকে আটক করে জাপান।
পরে চীনের চাপের মুখে জাপান ক্যাপ্টেনকে ছেড়ে দিলেও দু'দেশের সম্পর্কের বরফ গলেনি।
তাছাড়া সপ্তাহের শেষদিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত ১০ সদস্যের 'সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস'র (আসিয়ান) সম্মেলন চলাকালে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৈঠক বাতিল করেন।
তাতে এশিয়ার এ দুই পরাশক্তির মধ্যে সম্পর্কোন্নয়নের আশাও ক্ষীণ হয়ে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১৩৮ ঘ.
bdnews24