রিও ডি জেনেরিও, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক গেরিলা নেতা ডিলমা রৌসেফ জয়ী হয়েছেন।
বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার উত্তরসূরী নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোটে বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেটিক এর প্রার্থী হোসে সেরারকে পরাজিত করেছেন ৬২ বছর বয়সী এই অর্থনীতিবিদ।
এর মধ্য দিয়ে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন রৌসেফ।
৩ অক্টোবরের প্রথম দফা ভোটে রৌসেফ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রোববার দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, ৯৯ দশমিক ৯ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, রৌসেফ পেয়েছেন ৫৬ শতাংশ এবং সেরা পেয়েছেন ৪৩ দশমিক ৯ শতাংশ ভোট।
প্রথম দফা ভোটে রৌসেফ ৪৭ শতাংশ ও সেরা ৩৩ শতাংশ ভোট পেয়েছিলেন।
নির্বাচনে জনপ্রিয় প্রেসিডেন্ট লুলার সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং বাজার-বান্ধব নীতিমালা সমর্থন করায় জরিপেও এগিয়ে ছিলেন রৌসেফ।
এর অন্যতম কারণ লুলার এ নীতির কারণে সেদেশের লাখ লাখ লোক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।
আর দুই মেয়াদ শেষে বিপুল জনসমর্থন নিয়ে বিদায় নিতে যাচ্ছন প্রেসিডেন্ট লুলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯০৮ ঘ.
bdnews24