রিয়াদ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে নতুন সরকার গড়া নিয়ে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে রিয়াদে সর্বদলীয় আলোচনায় বসার সৌদি বাদশাহর প্রস্তাাব প্রত্যাখ্যান করেছে ইরাকের শিয়া রাজনীতিবিদরা।
নতুন সরকার গঠনে নিজেরাই বাগদাদে মতৈক্যে পৌঁছতে সক্ষম বলে জানিয়েছে তারা।
ইরাকে গত মার্চে ভোট হয়েছে। কিন্তু শিয়া আর সুন্নি নেতাদের মধ্যে বোঝাপড়া না হওয়ায় গঠন হচ্ছে না নতুন সরকার।
ইরাককে এ অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে সহায়তা করার জন্যই সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ ইরাকের রাজনৈতিক নেতাদের রিয়াদে আলোচনায় বসার আমন্ত্রণ জানান শনিবার।
ঈদ উল আজহা শেষ হওয়ার পর আরব লীগের মধ্যস্থতায় এ আলোচনার প্রস্তাব দেন তিনি।
কিন্তু শিয়া ন্যাশনাল এলায়েন্স এর এক বিবৃতি পড়ে শুনিয়ে ইরাকের আইনপ্রণেতা হাসান আল সুনাইদ বলেছেন, "ইরাকি জনগণের প্রতিনিধিরা জাতীয় অংশীদারিত্বমূলক সরকার গঠনে চুক্তিতে উপনীত হতে সক্ষম বলে আমরা আস্থাশীল।"
বিবৃতিতে আরো বলা হয়, "ইরাক পরিস্থিতি নিয়ে সৌদি আরবের উদ্বেগ এবং তাদের ইরাককে সহায়তা করতে চাওয়ার সদিচ্ছা প্রশংসনীয়। কিন্তু আমরা একথা নিশ্চিত করে বলতে চাই যে, ইরাকের নেতারা জাতীয় ঐকমত্যে পৌঁছানোর জন্য বৈঠক চালিয়ে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮০৮ ঘ.
bdnews24