২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সেল বোমা: ইয়েমেনে এক সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মালবাহী বিমানে পার্সেল সার্ভিসে বোমা পাঠানোর ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সানা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মালবাহী বিমানে পার্সেল সার্ভিসে বোমা পাঠানোর ঘটনায় সন্দেহভাজন এক নারীকে গ্রেপ্তার করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। ইয়েমেন থেকে শিকাগোর দুটি ইহুদি উপসনালয়ের ঠিকানায় পাঠানো পার্সেল বোমা দুটির একটি যুক্তরাজ্যের ইস্ট মিডল্যান্ডস বিমান বন্দরে ও অন্যটি দুবাইয়ে ধরা পড়ে। পার্সেল বোমা পাঠানোর রিসিটে লেখা টেলিফোন নম্বরের সাহায্যে সন্দেহভাজন ঐ নারীকে চিহ্নিত করে আটক করা হয়েছে বলে ইয়েমেনের নিরপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা রয়টার্সকে বলেন, ২০ বছর বয়সী ঐ নারী সানা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ছাত্রী। ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় উপশহর থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান তারা। গুরুতর সন্দেহের তালিকায় না থাকলেও ঐ নারীর মাকেও আটক করা হয়েছে বলে তার আইনজীবী অভিযোগ করেছে। বোমাটির বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হতো পারতো বলে জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, "ঐ বোমাটি বিমান বিধ্বস্ত করার মতো শক্তিশালী ছিলো বলে আমরা মনে করি। তবে বোমাটির বিস্ফোরিত হওয়ার সময় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১৫৭ ঘ.