কাবুল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলে ন্যাটো ঘাঁটিতে তালেবান সদস্যরা হামলা চালালে ন্যাটো সেনাদের পাল্টা হামলায় প্রায় ৫০ তালেবান সদস্য নিহত হয়েছে।
তালেবান ন্যাটো ঘাঁটিতে শনিবারের এ হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স' (আইএসএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান গোষ্ঠী রকেট চালিত গ্রেনেড এবং বন্দুক ও মর্টার থেকে গুলি ছুড়ে ন্যাটো ঘাঁটিতে হামলা চালায়।
পাকতিকা প্রদেশের ন্যাটো ঘাঁটিতে এ হামলায় ৫ ন্যাটো সেনা আহত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
আইএসএএফ'র এক মুখপাত্র সারগ্যান্ট ব্রিয়ান সিপ বলেছেন, "এ পর্যন্ত ৩৮ জন তালেবান নিহত হয়েছে।"
ন্যাটো ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, তালেবান যোদ্ধারা ন্যাটো ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আট তালেবান সদস্য নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/বিবি/২২২৭ ঘ.
bdnews24