ওয়াশিংটন, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পার্সেল সার্ভিসে পাঠানো বোমার দুটি প্যাকেট ধরা পড়েছে।
বোমার এই প্যাকেট শিকাগোর দুটি ইহুদি উপাসনালয়ের ঠিকানায় পাঠানো হচ্ছিলো।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ জানায়, এর একটি ব্রিটেনে এবং অপরটি দুবাইয়ে নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়ে।
এ ঘটনার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যে সতর্কতা জারি করা হয়েছে।
কর্মকর্তারা জানান, বোমার একটি প্যাকেট লন্ডনের প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে ইউনাইটেজ পার্সেল সার্ভিসের একটি মালবাহী বিমানে পাওয়া যায়। অপর প্যাকেটটি দুবাইয়ে ফেডেক্স কর্পোরেশনের মালামাল রাখার জায়গায় ধরা পরে।
এই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, দৃষ্টি এড়িয়ে যুক্তরাষ্ট্রে বোমা পৌঁছানো যায় কী না সেটি দেখার জন্যই সম্ভবত এগুলো পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছে।
এ ঘটনার জন্য ইয়েমেন ভিত্তিক আল-কায়দাকে সন্দেহ করা হচ্ছে।
হোয়াইট হাউস জানায়, ঘটনার কথা বৃহস্পতিবার রাতেই প্রেসিডেন্ট ওবামাকে জানানো হয়।
প্রেসিডেন্ট ওবামা শুক্রবার টেলিভিশনে বলেন, "প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওগুলো বিস্ফোরক দ্রব্য বলে নিশ্চিত হওয়া গেছে।"
তিনি আরো বলেন, "সত্যিকার অর্থেই আমাদের দেশের বিরুদ্ধে এটি একটি সন্ত্রাসী হুমকি।"
হোয়াইট হাউজ জানায়, এই ঘটনার হোতাদের খুঁজে বের করতে সৌদি আরব সরকার তথ্য দিয়ে সহায়তা করবে।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেছেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দা বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা চালায়। এতে কমপক্ষে ৩ হাজার মানুষের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১০৪৫ ঘ.
bdnews24