ব্রাসেলস, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে ১০ নভেম্বরের পর যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত ইরান। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন শুক্রবার একথা জানিয়েছেন।
২০০৯ সালের পর এটিই হবে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের প্রথম আলোচনা।
অ্যাশটন বলেছেন. ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলির পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ১০ নভেম্বরের পর দু'পক্ষের সুবিধাজনক কোন স্থানে ও তারিখে আলোচনায় বসতে রাজি ইরান।
এর আগে এ মাসের প্রথমে অ্যাশটন ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভিয়েনায় তিনদিনের আলোচনায় বসার জন্য জলিলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
শুক্রবার ইইউ এর এক সম্মেলনে অ্যাশটোন সাংবাদিকদের বলেন, "জলিলি ১০ নভেম্বরের পরে আলোচনা শুরু করতে রাজি। তিনি দিনক্ষণ স্থির করতে চান।"
ইরানের আলোচনায় বসতে প্রস্তুত থাকাকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।
ইরানের প্রেস টেলিভিশনে আলোচনায় প্রস্তুত থাকার বিষয়টি নিয়ে চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছে। তবে আলোচনায় বসার জন্য ইরানের পূর্বশর্তগুলোর উল্লেখ করা হয়েছে।
আলোচনায় বসার জন্য শর্ত হিসেবে ইরান ইসরায়েলের রহস্যজনক পরমাণু কর্মসূচির ব্যাখ্যা চেয়েছিল।
ইরান ও ছয় পরাশক্তির মধ্যে আলোচনা ভিয়েনার পরিবর্তে জেনেভায় হতে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক।
ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন এবং জার্মানির সঙ্গে ইরানের আলোচনা
২০০৯ সালে বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৫২ ঘ.
bdnews24