ওয়াশিংটন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিগগিরই বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসে সেখানে তুলে ধরার জন্য নতুন শর্ত ঠিক করছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা।
গত বছর ইরানকে পরমাণু জ্বালানি বিনিময়ের যে কঠোর শর্ত দেওয়া হয়েছিলো নতুন এ শর্তে সেগুলোও থাকছে।
গত বছরের সে জ্বালানি বিনিময় প্রস্তাব নাকচ করে ইরান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি বৃহস্পতিবার বলেন, "খুব শিগগিরই ইরানের সঙ্গে বৈঠকে আমরা সংশোধিত একটি পরমাণু জ্বালানি বিনিময় প্রস্তাব তুলে ধরতে পারবো। কিন্তু আমরা এখনো সে প্রস্তাবের নানা দিক
বিস্তারিতভাবে ঠিক করার জন্য কাজ করছি।"
'নিউ ইয়র্ক টাইমস' যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের প্রতি প্রস্তাবিত শর্তগুলো ঠিক করেছে।
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে এক পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে বলেন, "এটা প্রায় শেষ হয়েছে।"
ক্রাউলি বলেন, আগামী মাসে ভিয়েনায় তেহরান গবেষণামূলক পরমাণু চুল্লির (টিআরআর) পরমাণু জ্বালানি বিনিময় বিষয়ে ইরানের সঙ্গে বৈঠক হতে পারে।
তিনি বলেন, "সংশোধিত টিআরআর প্রস্তাব বাস্তবায়িত হলে তা সব মহলের উদ্বেগ দূর করে পারস্পারিক আস্থা সৃষ্টির সহায়ক হবে।"
পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে আশঙ্কা পশ্চিমা বিশ্বের।
কিন্তু কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্য পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে ইরান।
পরমাণু কর্মসূচি পরিচালনার জন্য ইরানের ওপর গত জুনে চতুর্থ দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ।
তাছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও এ কারণে দেশটির ওপর এককভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ প্রেক্ষিতে পশ্চিমাদের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় বসতে চায় ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৫৪৩ ঘ.
bdnews24