২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন ও জাপানের সম্পর্কোন্নয়নের ইঙ্গিত

সম্পর্কের বরফ গলতে শুরু করেছে চীন ও জাপানের মধ্যে। শুক্রবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এমন ইঙ্গিতই মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 09:02 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

হ্যানয়, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সম্পর্কের বরফ গলতে শুরু করেছে চীন ও জাপানের মধ্যে। শুক্রবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এমন ইঙ্গিতই মিলেছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে 'দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস'র (আসিয়ান) সম্মেলনের ফাঁকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি বৈঠক করেন। বৈঠক শেষে মায়েহারা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে তারা একমত হয়েছেন। গত মাসে পূর্ব চীন সাগরে একটি দ্বীপের মালিকানা নিয়ে দু'দেশের সম্পর্কের অবনতি ঘটে। পূর্ব চীন সাগরে বিতর্কিত জলসীমায় জাপানের উপকূলরক্ষী জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষের পর চীনা ট্রলারের ক্যাপ্টেনকে আটক করে জাপান। এ ঘটনায় দু' দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে চাপের মুখে চীনা ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে। মায়েহারা সাংবাদিকদের বলেন, "খুবই আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। শান্তভাবেই আমরা উভয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমি মনে করি দু'দেশের শীর্ষ নেতারাও হ্যানয়ে বৈঠকে মিলিত হবেন।" তবে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বৈঠকে বসবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৪৯ঘ.