বৈরুত, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি হত্যার বিচারে গঠিত আন্তর্জাতিক আদালত বর্জনের জন্য লেবাননের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী।
২০০৫ সালে এক বোমা হামলায় নিহত হন রফিক হারিরি। লেবানন ভিত্তিক ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অভিযোগ এই আদালতের তদন্তকারীরা ইসরায়েলে তথ্য পাচার করছে।
হারিরি হত্যার বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক আদালত নিয়ে গত কয়েকমাসে লেবাননে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই আদালত হারিরি হত্যাকাণ্ডে হিজবুল্লাহর শিয়া গেরিলাদের অভিযুক্ত করতে পারে বলে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, "এই তদন্তকারীদের কোনো ধরনের সহযোগিতা না করার জন্য আমি লেবাননের সকল কর্মকর্তা ও নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।"
নাসারাল্লাহ অভিযোগ করে বলেন, "তাদের সংগৃহীত সব তথ্য-উপাত্ত ও ঠিকানা ইসরায়েলে পাঠানো হচ্ছে।"
হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বলে পরিচিতি বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি ক্লিনিক থেকে এই আদালতের দুই আন্তর্জাতিক তদন্তকারীকে বের করে দেওয়ার একদিন পর নাসরাল্লাহ এই আহ্বান জানান।
তবে এতে করে তদন্ত কার্যক্রম ব্যাহত হবে না বলে জানিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১১৩৭ঘ.
bdnews24