লন্ডন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের গোয়েন্দা প্রধান জন সওয়ার্স বলেছেন, পশ্চিমা বিশ্বে সন্ত্রাসী হামলায় অনেক মানুষের প্রাণহানি ঘটতে পারে, কিন্তু তার চেয়ে বিপর্যয়কর হতে পারে পরমাণু অস্ত্র বিস্তারের পরিণতি।
এমআই সিক্স হিসেবে পরিচিত 'যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস' (এসআইএস) এর প্রধান হিসেবে একশ' বছরের মধ্যে বৃহস্পতিবার প্রথম প্রকাশ্য বক্তব্য দিয়ে জন সওয়ার্স একথা বলেন।
রয়টার্সের লন্ডন কার্যালয়ে 'সোসাইটি অফ এডিটরস ইন লন্ডন' আয়োজিত বৈঠকে তিনি বলেন, ইরানের মতো দেশগুলোর হাতে পরমাণু অস্ত্র বিস্তার ঠেকাতে আমাদের ব্যর্থতা ভয়ানক পরিস্থিতির ঝুঁকি সৃষ্টি করবে।
তিনি বলেন, "সন্ত্রাসবাদ ঠেকানো খুবই কঠিন। আমাদের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও সন্ত্রাসী হামলা ঘটে অনেক মানুষের প্রাণহানি হতে পারে। কিন্তু কেবল সন্ত্রাসী হামলার কারণে আমাদের দেশ, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হবে না।"
তিনি আরো বলেন, "কিন্তু পরমাণু অস্ত্র এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিস্তার আরো ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। এটা যে কোনো অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকে পাল্টে দিতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৪৪ ঘ.
bdnews24